চট্টগ্রামের হাটহাজারীর চারিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। - এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 19 November 2026

চট্টগ্রামের হাটহাজারীর চারিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীর চারিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মুছার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল হায়দার আলীর সিপাহীর বাড়ির মো. হারুনের দুই ছেলে মো. ইফতেখার মাহমুদ তুষার (৩৫) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (৩২) এবং মেখল ইউনিয়নের হাসিমার পুল এলাকার মৌলভি আব্দুল হামিদের বাড়ির মো. শফিউল আজমের ছেলে মো. শাহাদাত হোসেন সিয়াম (১৭)। এ ঘটনায় ফাহিম (১৯) ও অজ্ঞাতপরিচয় এক যুবক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই সহোদর একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। অন্যদিকে তিন আরোহী নিয়ে আরেকটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল। ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহীরা সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। দুই সহোদর ও ফাহিমকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইরাত ও ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। অপরদিকে গুরুতর আহত সিয়ামকে সরকারহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতাল ও চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরাত ও সিয়ামের মৃত্যু হয়।

নিহত দুই সহোদরের চাচাতো বোন নিহা জানান, প্রায় ছয় মাস আগে তাঁরা প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তুষার ওমানে এবং ইরাত দুবাইয়ে কর্মরত ছিলেন। তুষার বিবাহিত; তাঁর সাত মাস ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ইরাত অবিবাহিত। তাঁরা দুই ভাই ও দুই বোন। পাঁচ মাস আগে তাঁদের ছোট বোনের স্বামী স্ট্রোক করে মারা যান বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সরোয়ার জামান বলেন, নাজিরহাটের দিকে যাওয়া মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। তাঁর দাবি, নিহত দুই সহোদরের কোনো ভুল ছিল না।

নাজিরহাট হাইওয়ে থানার এসআই মোস্তাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কোনো মোটরসাইকেল পায়নি।


No comments:

Post Bottom Ad

Pages

এ এস সিসি টিভি নিউজ। (ASCC TV NEWS)